স্বপ্ন এঁকে রেখো
তোমাদের কবিতা মোহাম্মদ ইলিয়াছ আগস্ট ২০২৩
মাগো তুমি স্বপ্ন এঁকে রেখো
তোমার খোকা বিদ্যে দিয়ে
বিশ্বজগৎ মুঠোয় নিয়ে
ফিরবে বাড়ি দেখো।
মাগো....
ঢেউ টলমল তোমার চক্ষুনদী
ছলাৎ ছলাৎ চলছে নিরবধি
কী যে ভীষণ ইচ্ছে পুষে রাখো
রঙিন করে আঁকতে তুমি থাকো।
ওই যে দেখো খেলছে শিশু
তেপান্তরের মাঠে
যাচ্ছে লোকে পায়ে হেঁটে
ঐ যে দূরের হাটে
সবার জীবন স্বপ্ন দিয়ে মোড়া
দিনের শেষে কাঁটা মেলে
কিংবা ফুলের তোড়া।
স্বপ্ন যদি হয়গো আকাশ ছোঁয়া
ঢেউ টলমল হয়গো চক্ষুনদী
দূর নীলিমায় মেঘের রাজ্য ফুঁড়ে
আসবো ফিরে ডাকো আমায় যদি।
দেখবে ঠিকই আলোর কণা হয়ে
বিচ্ছুরিত হবো চতুর্দিকে
তোমার ছোঁয়া পেলাম যখন মাগো
স্বপ্ন আমার হবে নাকো ফিকে।
তোমার দোয়া সাথে যখন আছে
বাধার পাহাড় টপকে যাবো আরো
যেই ছেলেটা ঘরের কোণে থাকে
স্বপ্ন দেখা শুরু হবে তারও।
আরও পড়ুন...