মানুষ মারার শব্দ
ছড়া-কবিতা নাঈমুল হাসান তানযীম ফেব্রুয়ারি ২০২৫
কানফাটানো তুমুল আওয়াজ
শহরটা স্তব্ধ,
মায়ের কথা এসব নাকি
মানুষ মারার শব্দ।
বাবা বলেন, চুপ করে থাক
পড়াতে হ মগ্ন,
কীসের এত পড়াশোনা!
মনটা পুরোই ভগ্ন।
সঙ্গী সাথী নামছে মাঠে
বলছে মরার পণ নে,
বুক ফুলিয়ে রাজপথে আয়
অধিকারের জন্যে।
তাদের সাথে কাঁধ মিলিয়ে
এই লড়াইয়ে থাকতে,
চুপটি করে যাই বেরিয়ে
নিজকে শামিল রাখতে।
চোখে আগুন বুকে আগুন
আগুন লাগে রক্তে,
এই আগুনের ছিটা লাগে
স্বৈরাচারীর তখ্তে।
ছুঁড়ে বুলেট স্বৈরাচারী
মারে হাজার ছাত্র,
তাদের রক্তে যায় যে কেটে
ঘন কালো রাত্র।
নতুন করে এই ইতিহাস
হলো পাতায় যুক্ত,
বাংলাদেশ আজ মুক্ত স্বাধীন
জুলুম শোষণ মুক্ত।
আরও পড়ুন...