ভাষা
ছড়া-কবিতা তমসুর হোসেন ফেব্রুয়ারি ২০২৫
জননীর কোলে বসে শিখেছি যে ভাষা
যে ভাষায় প্রকাশ করি সুপ্ত ভালোবাসা
যে ভাষায় পাখির মতো করি কলরব
অন্তরে তার উষ্ণতা করি অনুভব।
যে ভাষার ছোট নদী সত্তা জুড়ে নাচে
যে ভাষায় গাই গান মনের উল্লাসে
যে ভাষায় বিশ্বকে কাছে আনি টেনে
সে ভাষার অবদান সারা দেহ মনে।
নিজকে মনের মতো করি যে বিকাশ
উড়ে যাই অজানার ভুবন আকাশ
রবি শশী তারকায় করি যাতায়াত
সব যে ভাষার দান হয় না দ্বিমত।
আমার মায়ের মতো চির অমলিন
হৃদয়ে নানান সুরে বাজে মধুবীণ
যেন এক রাখালিয়া ভাটিয়ালি মাঝি
আমার চিত্তে তার যত্ত কারসাজি।
আমাকে দেখায় ভীতি কোন সে তস্কর
আমার বুকে সাঁটা জ্বলন্ত অক্ষর
প্রতিটি শব্দ আমার দীপ্ত অগ্নিকণা
তাইতো জননী আমার মহা বীরাঙ্গনা।
আরও পড়ুন...