বৃষ্টি ঝরুক
ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত জানুয়ারি ২০১০
গুমোট মেঘের পকেট বুঝি হচ্ছে না আজ ফাঁকা
কারণটা এই আষাঢ়-শ্রাবণ মেঘমাখা মেঘমাখা
মেঘের ছায়ায় রোদ লুকোলো চালতা ছড়ির বনে
বৃষ্টি পেলো ছুটির নোটিশ মেঘের আচ্ছাদনে!
থামলে হঠাৎ হাওয়ার গাড়ি মেঘের ইস্টিশনে
জলভেজা স্বাদ জাগবে আহা! নয়নতারার মনে
ঘাসের বুকে নামবে এসে মেঘলামেদুর দুপুর
মেঘ বিছানো আকাশটা ফের বৃষ্টি টাপুর-টুপুর!
পানকৌড়িদের কাজল চোখের পাতায় নরম ঘুম
বর্ষালি ঢোল জলসা মেঘে রুমঝুম রুমঝুম
ঝুপুর-ঝুপুর বাজিয়ে নূপুর সুরের ছন্দ বোনে
কেয়া ফুলের নিটোল সুবাস বৃষ্টির নিক্বণে।
ঝরঝরে দিন বৃষ্টিফুলের বিজলি গুড়–ম-গুড়
ঠিক তখনি ফুল ভলিউম ব্যাঙ বেতারের সুর!
হারিয়ে গেলাম কদম ফুলের হলদেটে মখমলে
বৃষ্টিভেজা ফিঙের ছানা মাছরাঙাদের দলে!
বৃষ্টি জাগায় নতুন শেকড় পাথরকুচির পাতায়
মেঘমাখা দিন স্বপ্নমুখর মায়ের নকশীকাঁথায়
ডুব দিয়েছি; মেঘের সিথান গহিন মনের ডেরায়
রোদপাখিদের ছুটোছুটি আকাশবাড়ি ফেরায়!
মন ছুটে যায় মেঘমুলুকে বৃষ্টি মেঘের সাথে
অঝোর ধারায় আষাঢ় হবো দিনের ধারাপাতে
শীতল আদর ছড়িয়ে দেবো গাছগাছালি ধুয়ে
বৃষ্টিঝোলা হলাম না-হয় স্বর্ণলতায় নুয়ে!
মন দরিয়ায় তুললো তুফান বৃষ্টি অবশেষে
বৃষ্টি ঝরুক আগুনঝরা সূর্যদিঘল দেশে।
আরও পড়ুন...