বাংলা আমার বোল
ছড়া-কবিতা এ কে আজাদ ফেব্রুয়ারি ২০২৫
মায়ের কথায় মধুর ভাষা স্নিগ্ধ মায়ের কোল,
বাংলাদেশে জন্ম আমার বাংলা আমার বোল॥
মায়ের মুখে শেখা কথা মনের ভাষা বুলি,
ফুলের মতো পাপড়ি মেলা স্বপ্ন দুয়ার খুলি।
হাজার মুখে আদর ছড়ায় মধুর কথাগুলি।
ধানের ক্ষেতে দখিন হাওয়ায়
যেন সুখের দোল।
বাংলাদেশে জন্ম আমার বাংলা আমার বোল॥
হাটে মাঠে পথে ঘাটে যেই ভাষারই গান,
যেই ভাষাতে কাব্য-গানে স্বপ্ন আঁকার টান
সেই ভাষাতে রফিক সালাম বরকতেরই দান,
জব্বার সফিক শহীদর ভাইয়ের রক্ত-ঝরা দান॥
সেই সে ভাষা আমার ভাষা বাংলা হৃদয় মাঝে,
বাংলা আমার স্নেহের ছোঁয়া সকাল দুপুর সাঁঝে,
শীতলতার গীতলতা যেই ভাষারই ভাঁজে,
সেই ভাষার গান শুনে শিশু
দোলায় মায়ের কোল।
বাংলাদেশে জন্ম আমার বাংলা আমার বোল॥
আরও পড়ুন...