কুহু অধিকার
ছড়া-কবিতা এস আই সানী ফেব্রুয়ারি ২০২৫
এক কাহিনি শোনো-
বিশ্ববুকে এই কাহিনির
নেই তো নজির কোনো!
একটা ছিল বন
দুই ছিল তার বাঁক
একটা বাঁকে থাকত কোকিল
অন্য বাঁকে কাক।
কুহু কুহু গানে
মধুর কলতানে
ফোটাত ফুল কোকিলেরা
তাদের গুলবাগানে।
হাজার রঙা ফুল
ভ্রমর অলি প্রজাপতি
থাকত যে মশগুল।
কিন্তু কাকের বাঁক
করত খাঁ-খাঁ ফুটত না ফুল
পোড়া মরু খাক।
কাকের নেতা ভাবে-
কুহু ডাকেই কোকিলরাজ্য
ফুল ফুটিয়ে যাবে!
গর্জে ওঠে কাক-
থামাও কুহু ডাক
এই বনেতে চলবে শুধু
কাকের কা-কা হাঁক!
এই ঘোষণা শুনে-
কোকিল ফুঁসে ওঠে
মায়ের ভাষা করতে স্বাধীন
দলবেঁধে সব ছোটে।
বুলেট ছোড়ে কাক
লুটোয় কোকিল, রক্তস্রোতে
ভাসে তাদের বাঁক।
রক্ত ঢেলে আর-
জীবন দিয়ে অর্জিত হয়
কুহু অধিকার।
আরও পড়ুন...