ইঁদুর ও এক অন্ধ হাতি
তোমাদের গল্প জহির টিয়া জুন ২০২৪
এক ছিল অন্ধ হাতি। ইশারায় চলাফেরা করতো। হাতিটি ছিল একে তো অন্ধ তার ওপর কাতুকুতুওয়ালা। হাঁটুর ওপর হতে দেহের কোথাও একটু কিছু ঠেকলেই হো-হো-হো করে হেসে উঠতো। এই নিয়ে হাতিটির মা-বাবা ছিল বেশ চিন্তিত। হাতিটি যতই বড়ো হতে থাকে তার কাতুকুতু ততই বাড়তে থাকে। তাই হাতিটিকে তার মা-বাবা দূরের কোথাও যেতে দিতো না। প্রয়োজনে তারা সঙ্গে করে ঘুরতে নিয়ে যেত। এজন্যই বাড়ির আশেপাশে হাতিটি একা একা খেলাধুলা করতো।
একদিন হাতিটি হাঁটতে হাঁটতে পাশের বনে চলে গেল। বনের মধ্যে ঢুকতেই তার গায়ে গাছের একটা ডাল ঠেকলো। তাতেই হো-হো-হো করে হেসে উঠলো। হাসি থামিয়ে হাতিটি মনে মনে বলে উঠল, ইস্ আমি তো রাস্তা ভুলে বনের দিকে চলে এসেছি। এখন কীভাবে বাড়ি যাব?
সেখান দিয়ে এক গেছো ইঁদুর যাচ্ছিলো। ইঁদুরটি গাছ ভেবে, হাতির লম্বা পা বেয়ে হাতির ওপরে উঠছিল। এতে হাতিটি ‘হো-হো-হো’ করে হাসতে লাগলো। আর লাফালাফিও শুরু করলো। ইঁদুরটি ভয় পেয়ে গেল। ভাবলো, বনে হয়তো ভূমিকম্প শুরু হয়ে গেছে। তাই ইঁদুরটি দ্রুত নেচে নেমে এলো। আর হাতির লাফালাফি ও হাসি থেমে গেল। ইঁদুরেরও ভয় কেটে গেল। এবার ইঁদুরটি ওপরের দিকে তাকিয়ে দেখলো।
আরে, এটা তো হাতি! গাছ নয়। কী ভুলটাই না করেছিলাম! হাতির পায়ের তলায় পড়লে তো পিষে দিতো। অস্পষ্ট সুরে এই বলেই ইঁদুরটি পড়িমরি করে দৌড়ে পালাতে গেল। ইঁদুরের পালানোর শব্দ হাতিটির কানে গেল।
কে? কে পালাচ্ছো ভাই? আমাকে একটু সাহায্য করো না। আমি অন্ধ। চোখে দেখি না। বাড়ি যাওয়ার পথটা ভুলে বনের মধ্যে ঢুকে পড়েছি। দয়া করে আমাকে একটু সাহায্য করো। অন্ধ হাতি বেশ কাকুতিমিনতি করে বলতে লাগলো।
এবার ইঁদুরটি পেছন ফিরে তাকালো হাতির দিকে। এরপর ইঁদুরটি বলে উঠলো, হাতি ভাই, তুমি কি সত্যিই অন্ধ?
: তুমি তো ইঁদুর, তাই না?
: হ্যাঁ, আমি গেছো ইঁদুর। গাছ ভেবে তোমার পা বেয়ে উঠতে গেছিলাম। সেজন্য আমাকে ক্ষমা করবে হাতি ভাই।
: আরে না। আমি কিছুই মনে করিনি। আমার একটু কাতুকুতু বেশি। তাই তুমি পা বেয়ে উঠাতে বেশ কাতুকুতু লাগছিলো।
: ওহ্ আচ্ছা। চলো হাতি ভাই। তোমাকে তোমাদের বাড়িতে রেখে আসছি।
: তাহলে, এবার তুমি আমার পিঠে চড়ে বসো। আর আমাকে পথটা দেখিয়ে এগিয়ে দাও ভাই।
: তোমার তো অনেক কাতুকুতু! চড়তে গেল আবার যদি ভূমিকম্প শুরু করে দাও।
: আরে না, না। হঠাৎ শরীরে কিছু ঠেকলে বেশি কাতুকুতু লাগে। তুমি চড়ে বসো। দেখো, কিছুই হবে না।
হাতির কথায় ইঁদুরটি চড়ে বসলো। হাতির পিঠে চড়ে এদিক-ওদিক তাকিয়ে পথ দেখাতে লাগলো ইঁদুরটি। হাতির পিঠে চড়ে ইঁদুরটিও বেশ আনন্দ পাচ্ছে। দু’জনে গল্প করতে করতে অল্প সময়েই পৌঁছে গেল হাতির বাড়ি।
আরও পড়ুন...