ভবিষ্যতের গান

ছড়া-কবিতা জাকির আবু জাফর জানুয়ারি ২০২৬

লাল জুলাইয়ের গল্পগুলো রক্ত দিয়ে লেখা 

বাংলাদেশের আকাশ জুড়ে নতুন আলোর রেখা।

সেই আলোকের আনন্দে আজ ফুটছে সুখের রেষ

নতুন দিনের স্বপ্ন বুকে হাসছে বাংলাদেশ।  


বাংলাদেশের সবুজ বুকে ভবিষ্যতের গান

তারুণ্য আজ গড়বে সুখের আনন্দ উদ্যান।

উদ্যানে সব মেলবে পাখা জুলাই দিনের পাখি

সত্য ন্যায়ের গন্ধে হবে নিত্য মাখামাখি। 


বাংলাদেশের বুকের ওপর নতুন আলোর চিক

তোমরা যারা ভবিষ্যতের তরুণ নাগরিক। 

ইচ্ছেগুলো ইচ্ছেমতো সাজিয়ে নিতে চাও

বাংলাদেশের মাটির মতো কোমল হয়ে যাও।

সূর্য হয়ে জ্বলতে থাকো চন্দ্র হয়ে হাসো

হৃদয় খুলে বাংলাদেশের মানুষ ভালোবাসো।


দিকে দিকে ফুটছে দেখো বিপ্লবীদের জয়

নতুন গানে নতুন সুরে নতুন পরিচয়। 

টগবগানো তারুণ্য আজ বাংলাদেশের প্রাণ

ঢেউয়ের মতো ছড়ায় দেখো সত্য ন্যায়ের ঘ্রাণ। 


চতুর্দিকে জেন জি দেখো সোনার মতো মুখ 

দেশকে গড়ার জন্যে তারা হয়েছে উন্মুখ। 

তারাই এখন বদলে দেবে সব মানুষের মন

নতুন বন্দোবস্তে হবে নতুন আয়োজন। 


সবার মুখে থাকবে হাসি কাঁদবে না কেউ আর

শোনো শোনো বিপ্লবীদের নতুন সমাচার। 

নতুন করে লিখবে তারা বাংলাদেশের গান

ঐক্য এবং জ্ঞানের আলোয় রাখবে অবদান।


দেশের জন্যে বিপ্লবীরা বিছিয়ে দেবে বুক

শহীদ হবার জন্যে সবাই দুরন্ত উৎসুক!

সকল কিছুর বিনিময়ে রাখবে দেশের মান

জাতির জন্য হবে তারা আনন্দে কুরবান।

চতুর্দিকে ছড়িয়ে যাবে শান্তি সুখের রেষ

নতুন দিনের স্বপ্ন বুকে হাসছে বাংলাদেশ।।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ