স্বপ্ন দেখাচ্ছেন আমিরুল

খেলার চমক আবু আবদুল্লাহ ফেব্রুয়ারি ২০২৬

ফরিদপুরকে বলা হয় বাংলাদেশি হকির উর্বরভূমি। দেশের অনেক নামিদামি হকি তারকার জন্ম দিয়েছে ফরিদপুর। ফরিদপুরের হকি ঐতিহ্য সময়ের ব্যবধানে কিছুটা ম্লান হলেও এই ভূমি থেকে উঠে এসেছেন নতুন আরেক তারকা। সম্প্রতি আন্তর্জাতিক যুব হকিতে যিনি মাঠ কাঁপিয়েছেন। গড়েছেন বিশ্বরেকর্ড। নাম তার আমিরুল ইসলাম।

গত নভেম্বর-ডিসেম্বরে ভারতের তামিলনাড়ুতে অনুষ্ঠিত ২০২৫ জুনিয়র হকি ওয়ার্ল্ডকাপে লাল-সবুজ জার্সি গায়ে দারুণ পারফর্ম করেছেন আমিরুল। যার ফলে বাংলাদেশও পেয়েছে ভালো ফলাফল। ২৪ দলের জুনিয়র বিশ্বকাপে ১৭তম হয়েছে আমাদের যুবারা। প্রথম রাউন্ডের তিন ম্যাচে ফ্রান্স ও অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে হারলেও দারুণ লড়াই করেছে। ড্র করেছে দক্ষিণ কোরিয়ার সাথে। টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডে উঠতে ব্যর্থ হলেও প্রথম রাউন্ডে বাদ পড়া দলগুলোর মধ্যে অনুষ্ঠিত চ্যালেঞ্জার রাউন্ডে একে একে ওমান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়াকে হারিয়েছে বাংলাদেশ। জিতেছে চ্যালেঞ্জার ট্রফি। বিশ্বের বাঘা বাঘা দলগুলোর সাথে আয়োজিত টুর্নামেন্টে এটাও কম কিছু নয়। কারণ যুব হকি বিশ্বকাপে বাংলাদেশ এবারই প্রথম অংশগ্রহণ করছে।

যুব হকি বিশ্বকাপে সবচেয়ে বেশি আলোড়ন তুলেছেন বাংলাদেশের আমিরুল ইসলাম। তিনি চারটি ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন। ১৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন। যে কারণে নিজের ওপর টুর্নামেন্টের ফোকাস ভালোভাবেই টেনে নিতে পেরেছেন আমিরুল। এবার তো বটেই, যুব হকি বিশ্বকাপে আগের কোনো আসরে এত গোল কেউ করতে পারেনি। বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের অন্য কোনো ক্রীড়াবিদের এমন কোনো স্বীকৃতি নেই।

আমিরুল গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করেন। যদিও সেই ম্যাচে বাংলাদেশ হেরে যায় ৫-৩ গোলে। দ্বিতীয় ম্যাচেও আবার হ্যাটট্রিক। দক্ষিণ কোরিয়ার সাথে ৩-৩ গোলে ড্র ম্যাচে বাংলাদেশের হয়ে তিনটি গোলই করেন আমিরুল। আর শেষ ম্যাচেও ফ্রান্সের বিপক্ষে করেন একটি গোল (৩-২)। প্রথম রাউন্ডে মাত্র এক পয়েন্ট পাওয়ায় দ্বিতীয় রাউন্ডে যেতে পারেনি বাংলাদেশ। এরপর চ্যালেঞ্জার রাউন্ডে তারা খেলে ওমান, দক্ষিণ কোরিয়া ও অস্ট্রিয়ার বিপক্ষে। তিনটি ম্যাচেই হ্যাটট্রিক করে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন আমিরুল। মোট ৫ হ্যাটট্রিকে তার গোলসংখ্যা দাঁড়ায় ১৮তে, যা যুব হকির এক আসরের বিশ্বরেকর্ড।

ছোটবেলা থেকেই হকি খেলার প্রতি ভালোবাসা তৈরি হয় আমিরুলের। পরিবারেই পেয়েছেন হকির প্রাথমিক পাঠ। তখন তিনি ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। একদিন কোচিং শেষ করে বাড়িতে ফেরার পথে দেখলেন, স্কুলমাঠে খেলা চলছে। খেলাটা দেখে ভালো লাগে তার। আমিরুলের চাচা নুরুল ইসলাম নুরু একজন হকি কোচ। জেলা পর্যায়ে কোচিং করান তিনি। ২০১৫ সালে তার কাছেই হকি খেলা শুরু করেন। তখন আমিরুলের বয়স মাত্র ১১ বছর। সেবার আন্তঃস্কুল হকি টুর্নামেন্টে খেলেন। পরের বছর বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান বিকেএসপিতে ট্র্যায়াল দিয়ে টিকে যান। এরপর শুরু হয় হকির প্রাতিষ্ঠানিক শিক্ষা। বিকেএসপি থেকে পড়াশোনা শেষ করে ভর্তি হন ঢাকা বিশ^বিদ্যালয়ে। বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী আমিরুল। পড়াশোনার পাশাপাশি চালিয়ে যাচ্ছেন হকি খেলা।

বয়সভিত্তিক দলে খেলার মাঝেই ২০২৩ সালে জাতীয় হকি দলে অভিষেক হয় এই পেনাল্টি কর্নার স্পেশালিস্টের। সেবার হাংঝুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে খেলেন লাল-সবুজের হয়ে। এরপর জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন একটি। এ ছাড়া প্রিমিয়ার ডিভিশন হকিতে খেলেন ঢাকা মোহামেডানের হয়ে।

এমনিতে ডিফেন্ডার হিসেবে খেললেও পেনাল্টি কর্নার থেকে গোল করতে আমিরুল খুবই দক্ষ। এবারের যুব হকি বিশ্বকাপে তার করা প্রায় সব গোলই এসেছে পেনাল্টি কর্নার থেকে। ঝাকড়া চুলের আমিরুল মূলত এবারের যুব বিশ্বকাপ থেকেই বাংলাদেশি হকির আলোচিত মুখ হয়ে উঠেছেন। একই ধরনের চুলের কারণে তাকে অনেকেই ‘হকির হামজা’ বলে ডাকেন। ফুটবলে হামজা চৌধুরি এখন বাংলাদেশের সবচেয়ে বড় তারকা। নামের মতো পারফরম্যান্সেও হামজার সাথে মিল আছে আমিরুলের। আমিরুলও তাই এই ডাক উপভোগই করতে শুরু করেছেন। একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘হামজা ভাই বাংলাদেশের ফুটবলের ব্র্যান্ড। তার মাধ্যমে সারা বিশ্ব আমাদের ফুটবলকে চিনছে। তার সঙ্গে আমার তুলনা হয় না। তবে কেউ এ নামে ডাকলে ভালো লাগে, যদিও আমার প্রিয় ফুটবলার মেসি, আর আমি আর্জেন্টিনার সাপোর্টার।’

আমিরুল স্বপ্ন দেখেন বাংলাদেশের হকি নিয়ে। যুব বিশ্বকাপে দারুণ খেলার পর এখন সিনিয়র বিশ্বকাপেও খেলতে চান। বিশ্ব হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান এখন ২৯ নম্বরে। তাই বিশ্ব কাপখেলাটা সহজ পথ নয়; কিন্তু আমিরুল জানেন, চেষ্টা থাকলে স্বপ্ন বাস্তবায়ন অসম্ভব কিছু নয়। একদিন তাই বাংলাদেশের পতাকা ওড়াতে চান সিনিয়র হকি বিশ্বকাপের মাঠে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ