শীত
ছড়া-কবিতা সোহেল মল্লিক জানুয়ারি ২০২৬
আগেকার কথা সে তো, আছে আজো মনে
সেদিনও তো শীত ছিল কী যে কনকনে!
রাত হলে ট্রাঙ্ক থেকে বের করে কাঁথা-
মুড়ে দেন আমাকে মা-পা থেকে মাথা।
ফুলছাপা লালরঙা কাঁথা দিয়ে গায়ে
ওম পেয়ে ঘুম দেই চড়ে সুখনায়ে।
রাত শেষে ঘুম ভাঙে, দেখি খুব ভোরে
দুধসাদা কুয়াশারা চারপাশে ওড়ে।
মামণিটা চুলোটার এককোণে বসে
চালগুঁড়ো দেন ঢেলে খেজুরের রসে।
পিঠেমাসে পিঠে আর গুড়মুড়ি খেয়ে
এ পাড়ায় ও পাড়ায় নাচি ধেয়ে ধেয়ে।
ধানশীষে ঝুলে থাকা শিশিরের কণা
টুপটাপ ঝরে গেলে হই আনমনা।
পুবদিকে রাঙা রোদ উঠতেই দেখি
দেখতে না দেখতেই চলে গেল এ কী!
মাঝবেলা বাড়ি বাড়ি দেখি ধানমাড়া
পালে পালে গরু যায় হেঁটে পুবপাড়া।
বুনোহাঁস ঝাঁকে ঝাঁকে উড়ে যায় দূরে
দিনটাও রাত হলো ঘড়ি ঘুরে ঘুরে।
শীত আসে, শীত যায়, থাকে শীতপ্রীতি
ভুলে গেছি শীত তোকে, তুই আজ স্মৃতি।
আরও পড়ুন...