পাহাড় যখন তুলো

কুরআনের আলো বিলাল হোসাইন নূরী জানুয়ারি ২০২৬

কয়েক শ বছরের পুরোনো গাবগাছ। দেশি গাব। মুরুব্বিরা নাকি ছোটবেলা থেকেই এ গাছকে এমন দেখে আসছেন। চারদিকে দীর্ঘ ডালপালা ছড়িয়ে সে ছাতার মতো দাঁড়িয়ে আছে। এ গাছের কারণেই এলাকার নাম হয়ে গেছে গাবতলী। একসময় এখানে জঙ্গল ছিল। শহরের অদূরে অবস্থিত এ গাবতলী নিয়ে প্রচলিত আছে নানান গল্প।

একটু সুযোগ পেলেই আজহার ছুটে যায় গাবতলীতে। নানাবাড়ি বলে কথা। তার জন্মও সেখানে। এ কারণেই নানাবাড়ির সাথে গভীর মমতায় বাঁধা পড়ে আছে সে। 

জুমার দিন। সকালেই নানাবাড়ি এসেছে আজহার। নানা-নানুর কাছে হাজিরা দিয়েই সে ছুটে এসেছে গাবগাছের নিচে। এর সাথেই বিশাল মাঠ। বিশাল এক মাদরাসা। একসময় সে এখানেই পড়াশোনা করত। পুরোনো সহপাঠীদের অনেকের সাথেই দেখা হওয়ায় খুব ভালো গল্প জমে উঠেছে। 

হঠাৎ এক বিকট আওয়াজ!

সবকিছু দুলছে। গাবগাছের ডালপালা যেন এখনই ভেঙে পড়বে মাথার ওপর। আশপাশের ভবনগুলোও কাঁপছে। যে যার মতো দৌড়াচ্ছে। আজহারও দৌড় দিলো নানার বাসার দিকে। কাছে পৌঁছেই  দেখল, তার বয়সি একটি ছেলে চাপা পড়ে আছে ভাঙা ছাদের নিচে। পাশেই পড়ে আছে ছেলেটির বাবা। রক্ত আর রক্ত! ততক্ষণে অনেকেই এসে পড়েছে। ওদের নিয়ে যাওয়া হলো হাসপাতালে। খবর এলো, দুজনের কেউই আর বেঁচে নেই!

এমন ভূমিকম্প জীবনেও দেখিনি-সবার মুখে একই কথা।

অনেক জায়গায় মাটিতে ফাটল ধরেছে। অনেক ভবন হেলে পড়েছে। চূর্ণ-বিচূর্ণ হয়েছে অনেক দেওয়াল, জানালার কাচ, ঘরের আসবাবপত্র। নানা বললেন, আজকের ভূমিকম্পটা আরেকটু বড়ো হলে অনেক ক্ষতি হতে পারত! আজহার যখন ভিডিওতে কম্পনের আরও ভয়ানক সব দৃশ্য দেখল, রাতের ঘুম হাওয়া হয়ে গেল তার।

নানা বললেন-ভয় পেয়ো না; বরং শিক্ষা গ্রহণ করো। এ তো কিয়ামতের পূর্বাভাস! কিয়ামত এভাবেই আসবে। আল্লাহ বলেছেন-‘হে মানুষ, তোমরা তোমাদের প্রভুকে ভয় করো। নিশ্চয় কিয়ামতের কম্পন এক ভয়াবহ বিষয়।’ [আল-হাজ্জ : ০১]

কতটা ভয়াবহ হবে সে কম্পন, শোনো-‘যখন পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে আর পাহাড়গুলো হয়ে যাবে চূর্ণ-বিচূর্ণ। অতঃপর সেগুলো পরিণত হবে বিক্ষিপ্ত ধূলিকণায়!’ [সূরা আল-ওয়াকিয়াহ : ০৪-০৬]

যেখানে পাহাড়গুলোরই এমন পরিণতি, বাকি সবকিছুর কী হবে বুঝতে পারছ? 

আজহার বলল, তার কিছু নমুনা তো নিজের চোখেই দেখলাম। নানা, আরেকটা আয়াত আছে না? ‘আর পর্বতগুলো হবে ছিন্নভিন্ন তুলোর মতো’! [সূরা আল-কারি‘আহ : ০৫]

নানা বললেন-ঠিকই বলেছ। আখিরাতের প্রতি আমাদের বিশ^াসকে আল্লাহ আরও মজবুত করে দিন। আমিন।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ