নতুন দিনে আশার আলো
আমাদের কথা কিশোরকণ্ঠ ডেস্ক জানুয়ারি ২০২৬
প্রাণপ্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছ তোমরা?
আশা করি সবাই ভালো আছ, সুস্থ আছ আল্লাহর মেহেরবানিতে।
বিদায় ২০২৫। স্বাগত ২০২৬।
নতুন বছর। নতুন সূর্যোদয়। নতুন আশার আলো।
তোমাদের জন্য রইল ইংরেজি নববর্ষের প্রাণঢালা শুভেচ্ছা।
একটি বছর দেখতে দেখতেই পার হয়ে গেল। আমরা যেন বুঝতেই পারলাম না, কীভাবে বছরটি শুরু হয়েছিল এবং কীভাবে শেষ হলো!
২০২৪-এর সবচেয়ে বড় ঘটনা ছিল ৩৬শে জুলাই। অনেক রক্ত, ত্যাগ ও কুরবানির মাধ্যমে এই দিনে বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে।
তোমাদের মতো তরুণ ছাত্ররাই ছিল এই মুক্তির আন্দোলনের মুখ্য প্রাণ শক্তি। তরুণ ছাত্ররাই প্রমাণ করে দিলো দেশের জন্য প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে তারা সদা প্রস্তুত। এটা সত্যিই আশা ও স্বপ্ন জাগানিয়ার বিষয়। প্রকৃত অর্থে নবীন তরুণ সাহসী ছাত্ররাই পারে একটি জাতির ভাগ্য পরিবর্তন করে দিতে। সেটাই আবার প্রমাণিত হলো।
২০২৫। গোটা বছরই ছিল দেশ গড়ার কাজে তরুণ মেধাবীদের উচ্ছল প্রাণবন্ত প্রচেষ্টা। তাদের কাজগুলো ছিল চোখে পড়ার মতো।
হ্যাঁ, এভাবেই দেশকে নতুন করে সাজাতে হবে। দেশকে নতুন করে গড়ে তুলতে হবে। দেশকে সমৃদ্ধ করতে হবে। আমাদের বিশ্বাস, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।
এসো, নতুন বছরে আমরা এমন সিদ্ধান্ত গ্রহণ করি, যেন বাংলাদেশ সুখী-সুন্দর-সমৃদ্ধশালী দেশ হিসেবে পৃথিবীর বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারে। নতুন বছরে, নতুন দিনে এটাই আমাদের একান্ত চাওয়া মহান আল্লাহর দরবারে।
আজ এ পর্যন্তই!
আল্লাহ হাফিজ।
আরও পড়ুন...