খুশির বারতা
ছড়া-কবিতা আবুল হোসেন আজাদ মার্চ ২০২৬
খুশির বারতা নিয়ে এলো চাঁদ
মাহ রমজান শেষে,
সাঁঝের বেলায় গোধূলি আভায়
মেঘের কিনারে এসে।
কাঁচি বাঁকা চাঁদ নিয়ে এলো ঈদ
হাসিখুশি চারিদিক,
খোদার রহম ঝরে অবিরাম
মন দোলে ঝিকমিক।
আমাদের আজ নেই কোনো কাজ
হৃদয়ে খুশির ঢেউ,
ঈদ এলে পরে সবাই সবার
পর নই কারো কেউ।
ঈদের এমন মহান শিক্ষায়
আলোকিত হয়ে যাই,
হানাহানি ভুলে বুকে নিয়ে তুলে
জান্নাতি সুখ পাই।
আরও পড়ুন...