কাজে নেই লাজ

হাদীসের আলো বিলাল হোসাইন নূরী মে ২০২৬

ফজরের নামাজের পরপরই কুরআন তিলাওয়াত, তারপর বাবা নেমে পড়েন কাজে। ছোটখাটো কাজগুলো তিনি নিজের হাতেই করেন। কৃষিকাজ তার খুব পছন্দ। এ কারণে তাদের একটু জমিও কোথাও খালি নেই। এমনকি বাড়ির আঙিনার চারপাশও সব সময় সবুজ থাকে মৌসুমি শাক-সবজি ও লতাপাতায়! বাবা যদিও একজন শিক্ষক কিন্তু তিনি নিজেকে পরিচয় দেন কৃষক হিসেবে! শামীমের কাছে এ পরিচয়টা একদমই ভালো লাগে না!

একদিন তার কয়েকজন বন্ধু-বান্ধব এসেছিল বেড়াতে। বাবা তখনও কাজ করছিলেন উঠোনে। আর অঝোরধারায় ঘাম ঝরছিল শরীর থেকে। তখন থেকেই তার খুব মন খারাপ। ভাবল-বাবাকে তো আর সে নিজে কোনো উপদেশ দিতে পারবে না। তাই দাদার কাছে বলল সব। বলল-আপনার ছেলেকে এবার থামান তো!

দাদা হাসলেন। বললেন-কাজের মধ্যে কোনো লজ্জা নেই। কাজ কারো মর্যাদা কমায় না। জানো, নবী-রাসূলরাও নিজের হাতে কাজ করতেন?

শামীম অবাক হয়ে তাকাল। বলল-জানি না তো!

দাদা বললেন, তাহলে শোনো-পৃথিবীর প্রথম মানুষটাই তো কৃষক ছিলেন। আমাদের আদি পিতা আদম (আ) যখন পৃথিবীতে এলেন, তিনি নিজের হাতে মাটিতে চাষাবাদ করতেন। তিনি ছিলেন পৃথিবীর প্রথম কৃষক। 

এরপর শোনো ইদরিস (আ)-এর কথা। মানুষ যখন পশুর চামড়া পরত, তিনি প্রথম কাপড় সেলাই করা শেখালেন। তিনি ছিলেন একজন দর্জি। কাপড় সেলাই করেই জীবিকা নির্বাহ করতেন তিনি।

শামীমের চোখ বড় বড় হয়ে গেল। 

দাদা বলে চললেন, তুমি তো হযরত দাউদ (আ)-এর নাম শুনেছ। তিনি ছিলেন এক বিশাল রাজ্যের বাদশাহ। কিন্তু জানো? তিনি নিজের হাতে লোহার বর্ম তৈরি করে তা বাজারে বিক্রি করতেন। 

জাকারিয়া (আ) ছিলেন একজন কাঠমিস্ত্রি। এমনকি নুহ (আ)-ও আল্লাহর নির্দেশে যখন বিশাল নৌকা তৈরি করেছিলেন, তখন তিনিও কাঠমিস্ত্রির কাজই করেছিলেন।

দাদা শামীমের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন—আর আমাদের প্রিয় নবী মুহাম্মাদ (সা)? তিনি ছোটবেলায় ছাগল চরাতেন। এমনকি ঘরে তিনি নিজের জুতো নিজে সেলাই করতেন এবং নিজের কাপড় নিজে ধুয়ে পরিষ্কার করতেন। নবীজি (সা) বলেছেন—‘নিজের হাতের উপার্জিত খাদ্যের চেয়ে উত্তম খাদ্য কেউ কখনো খায়নি।’ [সহিহ বুখারি : ২০৭২]

সবশেষে দাদা বললেন, যে কাজ নবীরা করেছেন, সে কাজ করতে লজ্জা পাওয়া কি ঠিক? 

শামীম পরদিন স্কুলে গিয়ে দাদার কথাগুলোই বন্ধুদের শুনিয়ে দিলো। সবাই বুঝতে পারল-কোনো কাজই ছোট নয়, যদি তা হালাল হয়।

বিলাল হোসাইন নূরী

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ