জ্যৈষ্ঠ

ছড়া-কবিতা আনোয়ারুল ইসলাম মে ২০২৫

বৈশাখী আহ্বানে জ্যৈষ্ঠের আগমন

হৃদয়ের গৌরবে আসে নব জাগরণ।


মধুমাসে আম পাকে জাম পাকে বেশুমার

কাঁঠালের সৌরভে নাচে মন বারেবার।

ইস্কুল বন্ধ যে ছুটি আছে অফুরান 

যেতে হবে মামাবাড়ি-আনন্দ অভিযান।


ঘাম ঝরে টপ্ টপ্ গরমেতে বাঁচা দায়

বৃষ্টির ফোঁটা নেই জীবকূলে হায় হায়!

মাঠ ঘাট খাল বিল ফেটে সব চৌচির

প্রকৃতির প্রতিশোধে পায়ে বাঁধা জিঞ্জির। 

পানি বিনে পুকুরে যে মাছ মরে এন্তার 

মালিকের ক্রন্দনে বুক ফাটা হাহাকার।

আষাঢ়েতে ধান রোয়া নিয়ে ভাবে চাষী ভাই 

ঋণ শোধ করবে যে কোনো পথ খোলা নাই।


বান্দার আহাজারি দরবারে আল্লার

মঞ্জুর হয়ে যায়-মেঘে ঢাকে চারিধার।

আসে ঝড় মড় মড় ভাঙে ডাল বৃক্ষের

বিহগেরা ভয়ে কাঁপে খুঁজে ফেরে ঐক্যের।

বাড়ি-ঘর ভেঙে পড়ে চাল ওড়ে হরদম

অবশেষে কাঙ্খিত ধারা নামে ঝম্ ঝম্।


ছুটে এসো তরুণেরা জ্যৈষ্ঠের শক্তিতে

বাংলাকে গড়ে তোলো ভালোবাসা ভক্তিতে।

মুছে যাক কলুষতা হিংসা ও বিদ্বেষ

বিভেদের অভিশাপ হোক আজ নিঃশেষ।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ