নানুর সাথে শ্রেষ্ঠ স্মৃতি

কুরআনের আলো বিলাল হোসাইন নূরী মে ২০২৫

ফজর হতে তখনও বেশ বাকি। ফোনের শব্দে জেগে উঠলো তাহসিন। এই সময়ে ফোন! তা-ও বড়ো মামার। বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠলো তার। বুঝতে পারলো, হয়তো নানু আর নেই। অনেক দিন ধরেই তিনি বিছানায় পড়ে আছেন। যে-কোনো সময় চলে যেতে পারেন, এমনই ধারণা সবার। একহাতে বুক চেপে ধরে আরেক হাতে ফোন কানের কাছে ধরলো তাহসিন।

মামা এই কথা বলেন, সেই কথা বলেন-নানুর কথা কিছুই বলছেন না। তাহসিন একটু অসুস্থ কয়েক দিন ধরে। মামা তার খোঁজ­-খবর নেন। পরিবারের সবার কথা জানতে চান। তাহসিন কিছুটা হালকা অনুভব করে। ভাবে, হয়তো নানু ভালোই আছেন।

শেষে মামা বললেন, ভোরবেলা তোমার মাকে একটু আসতে বলবে। জরুরি কথা আছে।

ভোরবেলা! মা! জরুরি কথা! শব্দগুলো মাথার ভেতর কেবলই ঘুরপাক খাচ্ছে। মা! জরুরি কথা! ভোরবেলা! জরুরি কথা! ভোরবেলা! মা!

মাকে বলার পর মা মামিকে ফোন করলেন। বললেন, সত্যি করে বলো, কী হয়েছে। মামি বললেন, আম্মার অবস্থা একটু খারাপ। আমরা সারারাত জেগে আছি।

কখন সকাল হবে? এ অপেক্ষায় তাহসিন ও তার মা। ফজর আদায় করে আবছা আঁধারেই বেরিয়ে পড়লেন বাসা থেকে। নানুবাড়ি গিয়ে দেখেন নানু বাসায় নেই। একটু আগেই তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। মা বললেন, চলো হাসপাতালেই যাই। তাহসিনের শরীর চলছে না। তবুও মন তো আর বসে থাকতে চায় না।

নানুকে অক্সিজেন দেওয়া হয়েছে। হাত-পা সোজা হয়ে আছে। নিঃশ্বাস ওঠা-নামা করছে। তাহসিন নানুর পাশে বসল। তার চোখে রাজ্যের স্মৃতি। হৃদয়ভাঙা এক নদীকে বুকে চেপে তাহসিন নানুর কপালে হাত রাখছে। আর সবটুকু আবেগ দিয়ে তেলাওয়াত করছে- ‘ইয়া-সীন! ওয়াল কুরআনিল হাকীম। ইন্নাকা লামিনাল মুরসালিন...!’

সূরা ইয়াসিন পুরোটাই তেলাওয়াত করলো তাহসিন। একটু পরই দেখলো, চোখের সামনেই থেমে গেল নানুর নিঃশ্বাস! গভীর ঘুমে মানুষ যেভাবে ঢলে পড়ে, ঠিক সেভাবেই! ইন্না-লিল্লাহি ওয়া-ইন্না ইলাইহি রাজিউন।

হাহাকারে বুকটা ফেঁপে উঠেছে। তবু কারও মুখেই কোনো হাহুতাশ নেই। সবাই দোয়া করছে শান্তভাবে।

নানুর কবরে মাটি দিতে দিতে তাহসিন ভাবছে, শৈশবের শেষ স্মৃতিকে আজ দাফন করছে নিজ হাতে। বছর দুয়েক আগে নানাকেও এভাবেই রেখেছিল নানুর পাশে। সব স্মৃতি ছাপিয়ে তাহসিনের শুধু মনে পড়ছে, নানুর পাশে বসে তার হৃদয়গলা তেলাওয়াত- ‘ইয়া-সীন! ওয়াল কুরআনিল হাকিম!’

এটাই মনে হয়, নানুর সাথে থাকা তার জীবনের সর্বশ্রেষ্ঠ স্মৃতি!

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ