ঈদুল ফিতর সাধনার ফসল ও কৃতজ্ঞতার উৎসব
প্রবন্ধ নিবন্ধ মুসা আল হাফিজ মার্চ ২০২৬
রমজানের সফর শেষে আকাশে হঠাৎ এক টুকরো হাসি জ্বলে ওঠে। সংযম আর ত্যাগের রোদ ও ছায়ায় এক মাস পার হলো। রমজানের প্রতিটি দিন ছিল নিজের সঙ্গে নীরব সংগ্রামের। তখন ক্ষুধার সঙ্গে ঘটেছে ধৈর্যের সন্ধি। চলমান ছিল অন্তরের গভীরে আল্লাহভীতির আলো জ্বালানোর সাধনা। ঈদুল ফিতর সেই সাধনার ফসল। ঈদ আল্লাহর পক্ষ থেকে আসা এক প্রশান্ত পুরস্কার, এক নির্মল আনন্দের ভোর।
রমজান আমাদের শিখিয়েছে কীভাবে ইচ্ছার লাগাম টেনে ধরা যায়। শিখিয়েছে কীভাবে নিজের কষ্টের ভেতর দিয়ে অন্যের বেদনা অনুভব করা যায়। আর ঈদুল ফিতর আসে এই শিক্ষাকে আরও এগিয়ে নিতে। আনন্দকে সবার মাঝে বিলিয়ে দিতে। ঈদের আনন্দ তাই শুধু উচ্ছ্বাসের নয়, এ আনন্দ কৃতজ্ঞতার। এটি এমন খুশি, যাতে হৃদয় নরম হয়, দৃষ্টি প্রশস্ত হয় আর মানুষ মানুষকে আরও কাছ থেকে দেখতে শেখে।
পবিত্র কুরআনে আছে আমাদের প্রতি এক কোমল অথচ গভীর আহ্বান। রমজানের দিনগুলো যেন আমরা শুধু গুণে শেষ না করি; বরং সেই গণনার শেষে যেন হৃদয় ভরে ওঠে কৃতজ্ঞতায়। আল্লাহ পাক বলেন, ‘‘রোজার সংখ্যা পূর্ণ করো, তাঁর মহিমা ঘোষণা করো আর যা কিছু তিনি দান করেছেন-তারজন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করো।’’ এই আয়াত যেন ঈদের আকাশে ভেসে থাকা এক অদৃশ্য তাকবির, যা আমাদের মনে করিয়ে দেয়-আনন্দের উৎস আসলে কৃতজ্ঞতা ।
ঈদুল ফিতর তাই নিছক উৎসব নয়; এটি আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামত স্মরণ করার দিন। সুস্থ শরীর, রোজা রাখার শক্তি, ধৈর্য ধরার ক্ষমতা-সবই তাঁর দান। ঈদের সকাল আমাদের শেখায়, যা কিছু আমাদের হাতে আছে তা আমাদের অর্জন নয়, তা আল্লাহর অনুগ্রহ।
আর সেই অনুগ্রহের সবচেয়ে সুন্দর প্রকাশ ঘটে সাদকাতুল ফিতরের মাধ্যমে। রাসূলুল্লাহ (সা) সাদকাতুল ফিতরকে নির্ধারণ করেছেন রোজাদারের পবিত্রতার উপায় হিসেবে, অভাবীদের খাবারের আশ্রয় হিসেবে। এতে রোজার সাধনা পূর্ণতা পায় আর সমাজের ভাঙা মুখগুলোতে হাসি ফুটে ওঠে।
ইসলাম আমাদের শেখায়-নিজের ঈদ একা উদ্যাপন করলেই চলবে না। অন্যকে সঙ্গে নিয়ে হাসতে শেখায় ইসলাম। কারণ ঈদের প্রকৃত সৌন্দর্য তখনই পূর্ণ হয়, যখন ধনী-গরিবের ভেদাভেদ দূর হয়। একই আনন্দের আলো সবার ঘরে ছড়িয়ে পড়ে। ঈদ তখন শুধু একটি দিনে সীমিত থাকে না। তা হয়ে ওঠে মানবিকতার উজ্জ্বল উৎসব।
ঈদের সকাল অন্য সব দিনের সকাল থেকে আলাদা। এদিন ঘুম ভাঙে এক বিশেষ আনন্দ নিয়ে। কারণ এই সকাল শুরু হয় ঈদের নামাজের মাধ্যমে। মুসলমানরা নতুন বা পরিচ্ছন্ন পোশাক পরে বড় মাঠে বা ঈদগাহে জমায়েত হন। ছোট-বড়, ধনী-গরিব-সবাই একই কাতারে দাঁড়িয়ে নামাজ আদায় করেন। এখানে কারও জন্য আলাদা মর্যাদা নয়। ইসলামের চোখে আমির-গরিব সবাই সমান।
ঈদের নামাজে ইবাদতের পাশাপাশি নিহিত আছে সামাজিক শিক্ষা। একসঙ্গে নামাজ পড়ার মাধ্যমে মুসলমানদের মধ্যে ঐক্য ও ভ্রাতৃত্ববোধ গড়ে ওঠে। আমরা বুঝতে শিখি-আমরা একে অপরের থেকে আলাদা নই, আমরা একই বিশ্বাসের ধারক, একই পরিবারের অংশ।
কিশোরদের জন্য এটি বিশেষ গুরুত্বপূর্ণ শিক্ষা, কারণ এই বয়সেই মানুষের মনে দলবদ্ধতা, সহমর্মিতা ও দায়িত্ববোধ গড়ে ওঠে।
ঈদের দিন তাকবির বলা সুন্নত। ঈদের রাত থেকে শুরু করে নামাজের আগপর্যন্ত মুসলমানরা আল্লাহর মহিমা ঘোষণা করে তাকবির পাঠ করেন-
“আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার,
আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ।”
এই তাকবিরের অর্থ খুব গভীর।
‘আল্লাহু আকবার’ মানে, আল্লাহ সবচেয়ে মহান।
‘লা ইলাহা ইল্লাল্লাহ’ মানে, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই।
আর ‘ওয়ালিল্লাহিল হামদ’ মানে, সকল প্রশংসা আল্লাহর জন্য।
এই বাক্যগুলো আমাদের অনেক কিছু শেখায়। যেন বলে-আমরা যে আনন্দ করছি, তা কোনো খেলাধুলা নয়। নতুন পোশাক বা মজাদার খাবারের কারণে নয়; বরং আল্লাহর দেওয়া সুযোগ, শক্তি ও দয়ার কারণেই এই আনন্দ সম্ভব হয়েছে।
ঈদের আনন্দ যেন সীমা না ছাড়ায়, তাকবির সেই সীমারেখা এঁকে দেয়। ঈদ যেন বলে-আনন্দ করো, কিন্তু অহংকার নয়। খুশি থাকো, কিন্তু আল্লাহকে ভুলে নয়। তাকবিরের মাধ্যমে আমরা ঘোষণা করি-আমাদের হৃদয়ের কেন্দ্রবিন্দু আল্লাহ আর আমাদের সব আনন্দ তাঁর সন্তুষ্টির জন্য।
কিশোরদের জন্য এই শিক্ষা অত্যন্ত মূল্যবান। কারণ এই বয়সে আনন্দের অর্থ অনেক সময় শুধু খেলাধুলা বা ভোগে সীমাবদ্ধ হয়ে যায়। কিন্তু ইসলামের চোখে আনন্দের ভেতরেও দায়িত্ব আছে, স্মরণ আছে, কৃতজ্ঞতা আছে।
ঈদুল ফিতর শুধু মসজিদ বা ঈদগাহে সীমাবদ্ধ নয়। সে মানুষের ঘর থেকে ঘরে, হৃদয় থেকে হৃদয়ে ছড়িয়ে পড়া এক সামাজিক উৎসব। এই দিনে আমরা আত্মীয়-স্বজনের বাড়িতে যাই, বন্ধুদের সঙ্গে দেখা করি, বড়দের সালাম দেই আর ছোটদের আদর করি। এসব কাজের মধ্য দিয়েই ঈদের আনন্দ পূর্ণতা পায়।
ঈদের দিন সবাই একসঙ্গে ঈদের নামাজ আদায় করে, নামাজ শেষে কোলাকুলি করে। একে বলে মোয়ানাকা। এটা শুধু ঈদের নয়, সব সময়ের সুন্নাহ। এই কোলাকুলির মধ্যে লুকিয়ে থাকে গভীর মানবিক বার্তা। এতে দূরত্ব কমে, ভুল বোঝাবুঝি দূর হয় আর হৃদয়গুলো কাছাকাছি আসে। এতে সমাজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতির অনুভূতি আরও শক্ত হয়।
কিশোরদের জন্য এতে আছে বিশেষ শিক্ষা। বন্ধুত্ব মানে শুধু একসঙ্গে খেলা নয়; বরং একে অপরকে সম্মান করা ও আপন করে নেওয়া।
ইসলাম ইনসাফের এক উজ্জ্বল দৃষ্টান্ত। ঈদের দিন সাম্যের শিক্ষা খুব স্পষ্টভাবে দেখা যায়। সবাই ঈদ উদ্যাপন করে, সবাই আনন্দ করে। ধনী যেমন নতুন পোশাক পরে, তেমনি গরিবও ঈদের আনন্দ পাওয়ার অধিকার রাখে। এখান থেকে আমরা শিখি যে, মানুষ হিসেবে সবাই সমান, কারও আনন্দ কম গুরুত্বপূর্ণ নয়।
এ কারণেই ঈদের সঙ্গে দান ও সাহায্যের বিষয়টি জড়িয়ে আছে। সহানুভূতি ছাড়া ঈদের আনন্দ অসম্পূর্ণ।
ঈদ হলো পুরোনো রাগ-অভিমান ভুলে যাওয়ার দিন। কারও সঙ্গে মনোমালিন্য থাকলে ঈদের দিন আগে সালাম দিয়ে তা দূর করার শিক্ষা দেওয়া হয়। রাসূলুল্লাহ (সা) বলেছেন, “যে ব্যক্তি প্রথমে সালাম দেয়, সে অহংকার মুক্ত।” (বায়হাকি)
এই হাদিসের বার্তা হলো, ক্ষমা চাইলে বা বিনয় প্রকাশ করলে কখনো কেউ ছোট হয় না; বরং সেটাই বড় মানুষের পরিচয়। কিশোর বয়সে এই শিক্ষা গ্রহণ করলে ভবিষ্যৎ জীবনে সম্পর্কগুলো সুন্দর হবে, মজবুত হবে।
ঈদের দিন কিছু সুন্নত আমল আছে, যেগুলো পালন করলে ঈদের আনন্দ আরও যথার্থ হয়। সওয়াব পরিপূর্ণ হয়। যথা-
১. ঈদের আগের রাতে আল্লাহর ইবাদতে সময় দেওয়া।
২. পরিষ্কার-পরিচ্ছন্ন থাকা এবং সুগন্ধি ব্যবহার করা।
৩. ঈদের নামাজের আগে খেজুর বা মিষ্টি কিছু খাওয়া।
৪. এক পথে ঈদগাহে যাওয়া এবং অন্য পথে ফিরে আসা।
৫. পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটানো ও আনন্দ ভাগ করে নেওয়া।
ঈদুল ফিতরের সময় বাজারে কেনাকাটা বাড়ে। চারপাশে উৎসবের আমেজ তৈরি হয়। এতে অনেক মানুষের কাজের সুযোগ সৃষ্টি হয়, যা সমাজের জন্য ভালো। তবে ইসলাম আমাদের মনে করিয়ে দেয়-অপচয় নয়, সংযমই আসল শিক্ষা।
এই দিনে দরিদ্র মানুষদের সাহায্য করা, অসহায়দের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণ হয়, যখন আমাদের হাসির সঙ্গে অন্যের মুখেও হাসি ফোটে।
ঈদ থেকে শিক্ষা নিয়ে যদি আমরা আমাদের সমাজকে রাঙাতে পারি, তবেই আমাদের ঈদ উৎসব সার্থক হবে। ঈদের দিন আমাদের মনে ও চারপাশে আনন্দ, শুভেচ্ছা ও পবিত্রতার যে রাজত্ব তৈরি হয়, তা যেন জারি থাকে পুরো বছর, পুরো জীবন।
কবি গোলাম মোস্তফার ভাষায়-
‘আজি সকল ধরা মাঝে বিরাট মানবতা মূর্তি লভিয়াছে হর্ষে/ আজিকে প্রাণে প্রাণে যে ভাব জাগিয়াছে রাখিতে হবে সারা বর্ষে/ এই ঈদ হোক আজি সফল ধন্য, নিখিল মানবের মিলন জন্য/ শুভ যা জেগে থাক, অশুভ দূরে যাক খোদার শুভাশিস স্পর্শে।’
আরও পড়ুন...