ফুল বাগান

ছড়া-কবিতা ওয়াহিদ জামান অক্টোবর ২০২৫

ফুল বাগানে ফুলের মেলা নানান রঙের ঢেউ

দিনে ঝিলিক রাতে সুবাস দেখেছ কি কেউ?


লালে ধোয়া রঙে গড়া সবুজ পাতার ফাঁকে

নয়নতারা নজর কাড়ে রূপের বাঁকে বাঁকে।

কাঠ টগর আর শাদা বেলি পাশাপাশি ফোটে 

খানিক বাদে লিলি হাসে হলুদ রঙা ঠোঁটে।


হাসনাহেনা ফুটলে রাতে

আকাশে চাঁদ উঠলে তাতে 

যায় পড়ে যায় সাড়া,

সুবাস ছড়ায় চারিদিকে মাতাল করে পাড়া।


জবার রূপে মুগ্ধ হয়ে ছুটে আসে হাওয়া 

নাচে তখন হেলেদুলে চলে আসা যাওয়া।


শিউলি ফোটে রাত্রি হলে ঝরে সকালবেলা 

মালা গাঁথতে চাইলে তুমি কোরো নাকো হেলা।

বৃষ্টি শেষে যেয়ো তুমি কামিনী গাছ তলে

শুভ্র ফুলের পাটি মেলে থেকো তাদের দলে।


এমন ফুলের বাগান দেখে

নষ্ট ভুলের আসর রেখে 

ফিরে আসো যদি,

সুবাস ভরা রূপের পথে চলবে জীবন নদী।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ