আমার প্রিয় হেমন্তকাল

ছড়া-কবিতা জাকির আবু জাফর অক্টোবর ২০২৫

সৃষ্টি নিয়ে ভাবতে থাকি আকাশ-পাতাল

কেমন করে সৃষ্টি হলো এই মহাকাল।

কেমন করে সৃষ্টি আহা ঋতুর আভা

এসব নিয়ে মগ্ন আমার হৃদয় কাবা।


হৃদয়টাকে রোদ পোহাতে খুলবো ভাবি

কোন ভুবনে গোপন থাকে হৃদয়-চাবি।

সেই চাবিটা রাখবো আমি নিজের ঘরে 

ছুটবো তখন বিশ্ব থেকে গ্রহান্তরে। 


ঋতুর কথা মহাকাশে বলবো হেসে 

ধূমকেতুকে বলবো এসো বাংলাদেশে।

হঠাৎ এসে ঘুম ভাঙাবে ঠাণ্ডা নিশির

ফেরেশতাদের আলোর পাখায় মাখবো শিশির। 


ধানের পাতায় ঝরছে শিশির দেখছি কাল

আমার প্রিয় ঋতুর নামটি হেমন্তকাল।

জানবে তুমি কোন সে ঋতু রং কি তাহার 

সোনার মতন জ্বলজ্বলে তার রঙের বাহার!


বুকের কাছে হেমন্তকে কেউ কি টানো 

ঘাসের শিরে যখন শিশির টলটলানো।

আঙুলে তার ছোঁয়া পেলেই ঝরবেরে টুপ 

দিগন্তময় ধানের ক্ষেতে সোনালি রূপ! 


এমন রূপটি দেখতে লাগে তেমন কপাল

শিউলি তলায় দাঁড়িয়ে থাকে হেমন্তকাল। 

হেমন্তকে জানাই আমি গভীর প্রীতু

কার ইশারায় বাংলাদেশে ছয়টি ঋতু।


ছাতিম ফুলের গন্ধ ভাসে দিনের শেষে 

হেমন্তকাল হাসতে থাকে বাংলাদেশে।

আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ