আমরা নতুন চাষি
কুরআনের আলো বিলাল হোসাইন নূরী জুলাই ২০২৫
মাগরিবের পর কী যেন খুঁজতে খুঁজতে মায়ের ঘরে এলো রাহনুমা। এসেই কিছুটা চমকে উঠল সে। বলল-মা, আমাকে দেখে কী যেন লুকিয়ে ফেলেছ তুমি। কী, মা! কী?
মা একটু রেগেই বললেন-এখানে আসার আগে আমার অনুমতি নিয়েছ? মায়ের ঘরে আসতে হলেও অনুমতি নিতে হয়, জানো তো?
রাহনুমা বলল-দুঃখিত, মা! আমি ভুলেই গিয়েছিলাম।
কিন্তু তার ঘোর কাটে না। মা জায়নামাজে বসে কীসের যেন ঘ্রাণ নিচ্ছিলেন। একটা কাপড়ের মতো কিছু। ওই তো, চোখেও পানি।
এবার আর বুঝতে বাকি নেই রাহনুমার। বুক ভেঙে এবার তারও কান্না আসছে। চিৎকার করে বলল-মা! দাও না, ভাইয়ার জামাটা আমাকেও একটু দাও। আমিও তার ঘ্রাণ নিতে চাই। ঘামের ঘ্রাণ, রক্তের ঘ্রাণ!
মা বুক চেপে ধরে হু হু করে কেঁদে উঠলেন।
মা-মেয়ের কলিজাছেঁড়া কান্নায় যেন পৃথিবীর সকল দুঃখী মানুষের করুণ স্বর মিশে গেছে!
গত বছরের এই জুলাইয়েই শহীদ হয়েছিল রাহনুমার একমাত্র ভাই। চালনির মতো ঝাঁঝরা ছিল তার নিথর শরীরটা। আহা, একজন মানুষকে মারতে কয়টা গুলি লাগে, কয়টা? তার রক্তাক্ত জামাটা মা সেভাবেই রেখে দিয়েছেন। ধুতে দেননি। এত কিছুর পরও মায়ের প্রশান্তি এক জায়গাতেই। জালিমের পতন হয়েছে। মা জালিমও বলেন না, বলেন, শয়তান। শয়তানের পরাজয়ই তো তার ছেলের বিজয়। তার বিজয়। দেশের বিজয়।
রাহনুমা বলল-মা, এখনও তো আমরা বিচার পেলাম না।
মা বললেন-লড়াই এখনো শেষ হয়নি আমাদের। প্রয়োজনে আবার রাজপথে নামতে হবে, বারবার নামতে হবে। তবে খুশির খবর কী জানো, রাহনুমা? জালিমের রেহাই দুনিয়াতেও নেই, আখেরাতেও নেই! আল্লাহ বলেছেন- “জালিমরা যা করছে আল্লাহকে তুমি সে বিষয়ে মোটেই গাফেল মনে করো না। আল্লাহ তাদের অবকাশ দিচ্ছেন সেদিন পর্যন্ত, যেদিন চোখগুলো বিস্ফারিত হবে। তারা মাথা তুলে দৌড়াতে থাকবে। তাদের দৃষ্টি নিজেদের দিকে ফিরবে না এবং তাদের অন্তর হবে শূন্য। আর তুমি মানুষদের সাবধান করো, যেদিন তাদের ওপর আজাব নেমে আসবে। সেদিন জালিমরা বলবে, ‘হে আমাদের রব! অল্প সময়ের জন্য আমাদের অবকাশ দিন, তাহলে আমরা আপনার ডাকে সাড়া দেবো এবং রাসূলদের অনুসরণ করব।’ তোমরা কি এর আগে কসম খেয়ে বলতে না যে তোমাদের পতন নেই!” [সূরা ইবরাহিম : ৪২-৪৪]
রাহনুমা উদ্দীপ্ত হয়ে ওঠে প্রবল সাহসে। আর গলা ছেড়ে মায়ের সামনে গাইতে থাকে-
‘প্রতিটা দিনই বিজয় আমার,
প্রতিটা দিনই জুলাই-
আবু সাঈদের মতোই এখন
সাহসে এ বুক ফুলাই!
যে বিজয়ে নেই কারো দাসত্ব
আমার এ দেশে আমার স্বত্ব
উজ্জ্বল অবিনাশী-
নতুন ভোরের স্বপ্ন বুনেছি
আমরা নতুন চাষি’...
আরও পড়ুন...