ভুল ভাঙানোর সুখ
হাদীসের আলো বিলাল হোসাইন নূরী অক্টোবর ২০২৫
কতদিন হলো, যাই যাই করেও নানাবাড়িতে আর যাওয়া হয় না। অথচ মন পড়ে আছে সেই নারিকেল দিঘির পাড়ে, দখিনা হাওয়ার মেলায়। উঠোনের একপাশে দাঁড়িয়ে থাকা কাঁঠাল গাছটা কি এখনো আছে? নানুর হাতে লাগানো সারি সারি পেঁপে গাছে হয়তো অনেক পেঁপে ঝুলছে। কিছু সবুজ আর কিছু হলুদাভ। ভাবতেই কেমন লোভ হচ্ছে।
নাহ, স্মৃতির অত্যাচার আর সওয়া যাচ্ছে না! ফারহান তার ছোট ভাই ফরহাদকে নিয়ে পরিকল্পনা করল, এবার নানাবাড়ি যেতেই হবে।
পথে পথে দুজনের কত কথা। ফারহান বলল, নানুর জন্য কী নিবি?
ফরহাদ বলল, নানুর তো আপেল পছন্দ। লাল আপেল। ভেতরে যেগুলো নরম, বালুর মতো।
আমার অবশ্য সবুজ আপেল পছন্দ, বলল ফারহান।
ফরহাদ বলল, তোর পছন্দ তো এখানে চলবে না। যার জন্য নিবি, তার পছন্দটাই দেখতে হবে।
ঠিক আছে, ঠিক আছে, বুঝলাম তো! বলেই ফলের দোকান খুঁজতে লাগল ফারহান। বলল-ওই তো, পেয়ে গেছি, চল।
গাঢ় লাল রঙের আপেলগুলো রোদের আলোতে ঝলমল করছে দোকানটাতে। খুব সুন্দর করে একটার ওপর আরেকটা সাজিয়ে রাখা হয়েছে। এখান থেকেই কিনবে তারা। কিন্তু ফারহানের কাছে একটু খটকা লাগল। দোকানদার কিছু আপেল নিচ থেকেও দিচ্ছে। যেগুলোতে বিভিন্ন দাগ রয়েছে। আবার পচন ধরেছে, এমনও আছে।
ফারহান বলল, চাচা, আপনি ওপরে ভালো আপেলগুলো রেখেছেন, আর নিচে খারাপগুলো। একটা হাদিস শুনবেন? একদিন আমাদের নবীজি (সা) খাদ্যশস্যের একটি স্তূপের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি তাঁর হাত স্তূপের ভেতরে প্রবেশ করালেন, তখন তাঁর আঙুলগুলো ভিজে গেল। তিনি বললেন-‘কী ব্যাপার, হে খাদ্যের মালিক?’
সে বলল-‘হে আল্লাহর রাসূল (সা)! এর ওপর বৃষ্টি পড়েছিল।’
তখন নবীজি বললেন-‘তুমি কেন এগুলো স্তূপের ওপরে রাখোনি, যাতে মানুষ তা দেখে নিতে পারে? মনে রেখো-যে প্রতারণা করে, সে আমাদের দলভুক্ত নয়।’ [মুসলিম : ১৮৫]
ফরহাদ বলল, চাচা, আপনি যদি নষ্ট ফল লুকিয়ে রাখেন, মানুষ একবার কিনলেও দ্বিতীয়বার আর আপনার দোকানে আসবে না। আর প্রতারণা তো হারাম!
দোকানদার প্রথমে লজ্জা পেল, তারপর স্বীকার করল-বাবা, তোমরা ঠিক বলেছ। এমন ভুল আর হবে না কখনোই!
ফারহান-ফরহাদ ভীষণ খুশি। কারণ, তারা নবীজির একটি হাদিস বলে একজন মানুষের ভুল ভাঙাতে পেরেছে।
বিলাল হোসাইন নূরী
আরও পড়ুন...