লামিয়ার বাবা ও লাল সাইকেল
তোমাদের গল্প জাকারিয়া আল হোসাইন এপ্রিল ২০২৫
চোখে প্রচুর ঘুম আসছে! কিন্তু বাবা শহরে গেছেন। বাড়ির একমাত্র আদরের মেয়ে লামিয়ার জন্য একটি লাল সাইকেল কিনতে। বাবার আসতে দেরি হওয়ায় লামিয়া ঘুমিয়ে পড়ে।
লামিয়া তৃতীয় শ্রেণির ছাত্রী। তার অনেক দিনের স্বপ্ন একটি লাল সাইকেল কিনবে। বাবা সারাদিন অফিসে থাকেন। তবে লামিয়াকে আজ কথা দিয়েছেন রাত হলেও তার সাইকেল নিয়ে বাসা ফিরবে ইনশাআল্লাহ।
রাত তখন এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিট। হঠাৎ চারদিকে আর্তচিৎকারের শব্দ। লাফ দিয়ে ঘুম থেকে ওঠে লামিয়া। বাইরে দেখে পানি আর পানি। লামিয়া ভাবে আমি স্বপ্ন দেখছি না তো। কিন্তু না! সত্যিই চারদিকে বন্যার পানি।
লামিয়াদের বাড়িটা দুই তলাবিশিষ্ট। প্রথম তলা বন্যার পানিতে একদম ডুবে গেছে। লামিয়ারা দ্বিতীয় তলায় থাকে। সেদিন বাসায় লামিয়া, তার মা ও ছোট ভাই ছিল। কিন্তু প্রথম তলায় তাদের সবকিছু। ঘুম থেকে উঠে দেখে মা তার বাবার মোবাইলে কল দিচ্ছে! কিন্তু বাবা কল রিসিভ করছেন না। মা কান্না করছেন। মায়ের কান্না দেখে লামিয়াও কান্না করছে। লামিয়ার মা বারান্দা আর ঘরে ছোটাছুটি করছে। পুরো এলাকা অন্ধকার; পানি আর পানি। সারাদিন হালকা বৃষ্টি ছিল। এত বড়ো বন্যা তো হওয়ার কথা না। যে পানি আর ভয়াবহ বন্যা- আত্মীয় স্বজন সবাই ব্যস্ত থাকবে এটাই স্বাভাবিক। তবুও ফোন দিলেন তিনি। কেউ ফোন রিসিভ করছেন না। বাবার অফিসে ফোন দিলে ওনারা বলে, স্যার তো চলে গেছে।
কোনো খোঁজ পেল না লামিয়ার মা। চিন্তাটা আরও বেড়ে গেল। আর্তচিৎকার, কান্না আর নির্ঘুমে কাটলো সেই রাত।
পরদিন সকালের দৃশ্য আরও ভয়াবহ। চারিদিকে পানি আর পানি। সবকিছু ডুবে গেছে। গরু, ছাগল, হাঁস, মুরগি, টিনশেড বাড়িঘর সবকিছু ভেসে যাচ্ছে। শিশু, নারী ও পুরুষসহ কয়েকজনকে ভেসে যেতেও দেখেন তারা। কিন্তু লামিয়ার মা তার বাবার চিন্তায় বারবার জ্ঞান হারিয়ে ফেলছেন। সকল আত্মীয় স্বজনদের ফোন দিলেন। কিন্তু কেউ তার কোনো খবর জানেন না। ওনার অফিসে আবার ফোন দিলেন তারাও কিছু জানেন না বললেন। এতে তার মায়ের চিন্তা আরও বহুগুণ বেড়ে গেল। অনবরত লামিয়ার মা কেঁদে যাচ্ছেন।
তারপর বন্যার পানি কমতে থাকে। দীর্ঘ ৫ দিন পর লামিয়ার বাবার লাশ পাওয়া যায় তাদের বাড়ি থেকে দশ কিলোমিটার দূরে একটি বাঁশঝাড়ের ওপরে। সাথে লামিয়ার জন্য কেনা লাল সাইকেলটা শক্ত করে ধরে রেখেছিলেন তার বাবা।
এখন সবকিছু স্বাভাবিক কিন্তু স্কুলে যেতে চায় না। লামিয়ার চোখে এক ধরনের হতাশা। যে লামিয়া সাইকেলের জন্য উদগ্রীব হয়ে থাকতো। সারাদিন সাইকেল সাইকেল বলে বাবাকে বিরক্ত করতো। সে এখন সাইকেল পেয়েও সাইকেলের দিকে তাকায় না।
তার ভাবনা, এই বুঝি বাবা অফিস থেকে আসছে। কখন যেন ডাকছে, লামিয়া... লামিয়া... গেইটটা খোলো মা। প্রশ্নের পর প্রশ্ন করে, ‘মা, বাবা কখন আসবে অফিস থেকে! বাবা কেন আসে না? বলো মা; বলো না প্লিজ!’
আরও পড়ুন...