রক্ত জুলাই

ছড়া-কবিতা শাহরিয়ার শাহাদাত মার্চ ২০২৫

কত শত লেখা শহুরে দেয়ালে গ্রাফিতি তুলির দাগে

রক্ত জুলাই মনে পড়ে যায়! এইতো ক’দিন আগে

গলিতে গলিতে বুলেট-বৃষ্টি ধোঁয়া ধোঁয়া চারপাশে

তাঁরা যেন কারা? হায়না পুলিশ, মেতেছিল উল্লাসে। 


দিনগুলো ছিল আগুন ফুলকি হরর আঁধার রাতে

নিষ্পাপ শিশু-কিশোরও রেহাই পায়নি তাদের হাতে

রাজপথে শুধু মৃত্যুমিছিল তাজা প্রাণ গেল ঝরে

তারা কি মানুষ? পাখির মতো মানুষ হত্যা করে! 


আহা নিদারুণ! রক্ত জুলাই শোকের মিছিলে কাঁদে 

জানালায় গুলিবিদ্ধ সামির, রিয়া লাশ হলো ছাদে

বুক পেতে দেওয়া আবু সাঈদেরা বুলেটের ভয় রাখে? 

মনে পড়ে যায় মুগ্ধ নামের মেধাবী ভাইয়াটাকে। 


ছাত্র-জনতার অধিকার দাবি লাল-সবুজের দলে

আমিও ছিলাম শহীদ মিনারে মুখরিত কোলাহলে 

চার দেয়ালের বন্দি জীবনে ভয়কে করেছি জয়

বাবা বলেছিল ভয় নেই খোকা, জয় হবে নিশ্চয়। 


বাঁধার শিকল উপড়ে ফেলতে ভয় পেতে নেই মনে

ছাত্ররা কভু হারতে জানে না বিপ্লব, আন্দোলনে

লাশ হয়ে যাওয়া শিশু-কিশোরের চিৎকার আসে ভেসে

স্বাধীনতা ফের সুবাস ছড়াক নতুন বাংলাদেশে।


আপনার মন্তাব্য লিখুন
অনলাইনে কিশোরকন্ঠ অর্ডার করুন
লেখকের আরও লেখা

সর্বাধিক পঠিত

আর্কাইভ

আরও পড়ুন...

CART 0

আপনার প্রোডাক্ট সমূহ