বৃষ্টি নিয়ে মিষ্টি কথা
কবিতা জাকির আবু জাফর জুন ২০২৫
বৃষ্টি নিয়ে ভাবলে আমার মন হয়ে যায় মেঘ
বুকের ভেতর বাড়তে থাকে ঝড়ের গতিবেগ।
আকাশটা কি নামবে আমার বুকের ভেতর ফের
নামলে আকাশ কাব্য হবে ভীষণ আনন্দের!
বৃষ্টি হবে বুকের দেশে বৃষ্টি হবে মনে
বৃষ্টি ছুঁয়ে হৃদয় আমার হাসবে ক্ষণে ক্ষণে!
চকমকানো বিজলি ফোটে চমকে যাবে মন
তবু আমার মিষ্টি পানির বৃষ্টি প্রয়োজন।
মন হয়ে যায় আষাঢ় শ্রাবণ মন হয়ে যায় গান
বুকের ভেতর ঢেউয়ের দোলা বৃষ্টি ডাকে বান।
বান ডেকেছে বান ডেকেছে ভাসবে নদী-খাল
উপচে পড়া ঢেউয়ের তালে মন হবে উত্তাল।
আজ আমাকে বৃষ্টি এসে বলল এবার আসো
ভিজতে থাকো ভিজতে থাকো, বৃষ্টি ভালোবাসো।
ভালোবাসি বৃষ্টি আমি, বৃষ্টি হলেই সুখ
যখন তখন মন পাখিটা আনন্দে উন্মুখ।
আমার বুকে বৃষ্টি এখন আমার বুকে ধারা
বুকের ভেতর দিচ্ছে উঁকি নুরের ফেরেশতারা!
ফেরেশতাদের পাখায় পাখায় বৃষ্টি ঝরে নাকি
আমবাগানের বৃষ্টি আমি একলা দেখতে থাকি!
দেখতে দেখতে মন উড়ে যায় দূর আকাশের তীরে
আমার কেন প্রশ্ন এত আকাশটাকে ঘিরে!
কেমন করে নোনতা পানি মিষ্টি হয়ে আসে
শূন্যের ওপর মেঘের বাথান কেমন করে ভাসে!
এই ধরাতে এত্ত কিছু যার হুকুমে হয়
জানবো আমি সেই মহানের সত্যি পরিচয়।
আরও পড়ুন...