বন ভ্রমণ
তোমাদের কবিতা সাইদুল হাসান জুলাই ২০২৩
শান্ত গেরাম পেরিয়ে যেই
এলাম যখন বনে
পাখপাখালির কিচিরমিচির
ভয় ধরালো মনে।
লম্বা পায়ে আকাশ পানে
হাঁটে গাছের দল
গাছের চিরল পাতার ফাঁকে
আলোটা ঝলমল।
শুকনো পাতার ঝনঝনানি
পায়ের তলায় লেগে
ঘুমের ঘোরে হারানো সব
পাখিরা যায় জেগে।
আমায় দেখে বানর ছানা
লাফায় গাছের ডালে
ময়ূরপঙ্খী কোমর দোলায়
কোকিল গানের তালে।
আমি তখন হারিয়ে যাই
মজার জগৎ জুড়ে
মামা ডাকে, ‘ফিরতে হবে
বিকেল গেল ফুরে।’
আরও পড়ুন...